বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি


কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। নবম শ্রেণিতে নিয়মিত রেজিস্ট্রেশন সম্পন্ন করা এবং দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পরও বোর্ডের রেজিস্ট্রেশনের তালিকায় শিক্ষার্থী রচনা আক্তারের ও হামিমা আক্তারের নাম না থাকায় ফরম ফিলাপ করতে পারছে না।


ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের সূত্রে জানা গেছে, ধোবাজোরা গ্রামের হাবিব মিয়ার মেয়ে রচনা আক্তার ও চমোকপুর গ্ৰামের বাচ্চু মিয়ার মেয়ে হামিমা আক্তার নবম শ্রেণিতে পড়াকালীন সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে। পরবর্তীতে বার্ষিক পরীক্ষা শেষে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়। নিয়মিত ক্লাস করার পাশাপাশি সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়।


কিন্তু চূড়ান্ত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের ফরম ফিলাপের জন্য গত ২৩ নভেম্বর তারিখে ২হাজার ৫শ টাকা বিদ্যালয়ের রশিদের মাধ্যমে জমা দেওয়া হয়। পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঢাকা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনের তালিকায় ওই ২ শিক্ষার্থীর নাম নেই। ফলে ফরম ফিলাপ আটকে যায় এবং রচনা আক্তার ও হামিমা আক্তারের এসএসসি পরীক্ষায় বসা নিয়ে দেখা দেয় ঘোর অনিশ্চয়তা।


এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন ও দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পরও কীভাবে তালিকা থেকে নাম বাদ পড়ল—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকেরা। অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীর পরীক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


এ বিষয়ে জানতে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাস জানান , সাবেক তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদের আমলে এ ঘটনা ঘটিয়েছে।

তিনি আরো জানান, হারুন অর রশিদের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ কে অব্যাহতি দিয়ে অজিত বিশ্বাস কে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেন ।

হারুনের অবহেলার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষার্থীদের নাম রেজিস্ট্রেশন তালিকায় উঠেনি । আমরা শিক্ষা বোর্ডে তাদের রেজিস্ট্রেশন করিয়ে পরিক্ষা দেওয়ার ব্যবস্থার চেষ্টা করছি ।