
মোঃ মোবারক হোসেন
নরসিংদীর মনোহরদী উপজেলায় পৃথক তিনটি অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে কারাদণ্ড ও তিন ব্যক্তি-প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর গ্রাম, মনোহরদী পৌরসভা ও লেবুতলা ইউনিয়নে এসব অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবন ও সংরক্ষণের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের লিটন চন্দ্রকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, অনিবন্ধিত পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে মনোহরদী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আল নূর বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে লেবুতলা ইউনিয়নের আবুল কালামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলামের নেতৃত্বে এবং মনোহরদী থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এসব অভিযান পরিচালিত হয়।
জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

