সম্পাদক
নিউজ ডেস্ক:
রোববার (২৫ জুন) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় আধুনিক জরিপ কাজে দক্ষ বেসরকারি প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ডিজিটাল জরিপ (বিডিএস) সারা দেশে রোল-আউট করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
মন্ত্রী বলেন, বিডিএস শুরু করার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন প্রযুক্তি ব্যবহার করে জরিপ শুরুর পূর্বে ছোটোখাটো ভুলত্রুটি সমাধান করা। পরে যতটা সম্ভব ত্রুটিহীন জরিপ কার্যক্রম শুরু করা।
এ সময় ভূমিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ও বিডিএস সংশ্লিষ্ট প্রকল্পের সরকারি কর্মকর্তা এবং জরিপ কাজে সহায়তায় বেসরকারি খাত থেকে নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানে কর্মরত সবাই দায়িত্ব পালনে নিজের সেরাটা দেবেন।
সরকারের কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর ও সংস্থার ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন (এপিএ) চুক্তি সই অনুষ্ঠান পরবর্তী এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভূমি সচিব খলিলুর রহমান দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের মাধ্যমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী কার্যক্রমসমূহ বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর ও সংস্থার প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ড্রোনসহ অত্যাধুনিক প্রযুক্তির ভিত্তিতে হবে বিডিএস। ফলে সময় কম লাগবে, দুর্নীতিও কম হবে। ডিজিটাল ম্যাপ ও খসড়া খতিয়ানের কাজও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। বিডিএস-এর উল্লেখযোগ্য দিক হল স্মার্ট ম্যাপ, যেখানে ক্লিক করেই সংশ্লিষ্ট প্লটের মালিকানার তথ্য পাওয়া যাবে।

