সম্পাদক
নিউজ ডেস্ক:
পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাইস চ্যান্সেলরের (ভিসি) বাস ভবনের সামনে আজ বুধবার বিকাল ৪টার দিকে কোটা সংস্কার আন্দোলনে মঙ্গলবার নিহত ৬ জনের গায়েবানা জানাজায় অংশ নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে বেশ কয়েক ঘন্টা থেকে ভিসি চত্বরে অবস্থান করে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। তারা বলতে থাকেন ‘হল আমার বাড়ি-ঘর, হল আমি ছাড়বো না’, ‘হলে হলে দুর্গ গড়ো, ছাত্রলীগ বিদায় করো’।
এসময় উপাচার্যের বাস ভবনের সামনে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়। উপস্থিত শিক্ষার্থীরা জানান, প্রায় সব হলে এখন আমরা (আন্দোলনকারী) অবস্থান করছি। আমরা হল ছাড়বো না।
পরে ৪টার দিকে তারা গায়েবানা জানাজা পড়েন। জানাজা শেষে তারা সমবেত হয়ে টিএসসির দিকে এগোনোর চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

