নিজস্ব প্রতিবেদক



নরসিংদী জেলার গ্যাস রোড ও বাসাইল এলাকায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করে সেবার মান ও আইনানুগ কার্যক্রমে গুরুতর অনিয়ম পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গ্যাস রোড এলাকায় অবস্থিত মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতাল এবং বাসাইল এলাকায় অবস্থিত রেনেসাঁ ট্রমা সেন্টার-এ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠান দুটিতে সেবার মান, ব্যবস্থাপনা ও আইনানুগ কার্যক্রম পরিদর্শন করা হয়।


পরিদর্শনে উভয় প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম, অব্যবস্থাপনা এবং ভোক্তা অধিকার পরিপন্থী কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়।
এ সকল অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতালকে ১ লাখ টাকা এবং রেনেসাঁ ট্রমা সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

মোট ৩ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।


মোবাইল কোর্ট পরিচালনা করেন নাঈম হাসান শুভ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশ, র‍্যাব, আনসার ও জেলা হাসপাতালের।