
মোঃ আশিকুর রহমান
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা-এর কাকাইলছেও ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারার কালনী নদীর ভাঙন দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এতে করে সাহানগর গ্রামের শতাধিক পরিবার চরম ঝুঁকির মুখে পড়েছে।
গত দুই বছরে অব্যাহত ভাঙনে নদীতীরবর্তী বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সম্প্রতি এ ভাঙন আরও তীব্র হয়ে অনেকের বাড়ির আঙিনা ও দোরগোড়ায় পৌঁছে গেছে। প্রতিদিন ভাঙনের ফলে নদী এসে দাঁড়াচ্ছে বসতঘরের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে উমেদনগর, কন্যাজুরি, নজরাকান্দা, কাদিরপুর, সৌলরী, মনিপুর, বদরপুর ও কালনীপাড়া এলাকার বহু ফসলি জমি ও বসতভিটা কুশিয়ারার গর্ভে বিলীন হয়েছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সম্প্রতি চলতি বছরেও কাকাইলছেও ইউনিয়নের সাহানগর গ্রামে ভাঙনের তীব্রতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বুধবার (সকাল ১১টা) সরেজমিনে দেখা যায়, প্রায় দেড়শ মিটার এলাকাজুড়ে নির্মিত বসতঘর ও ভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া বিভিন্ন স্থানে নতুন করে ফাটল দেখা দিয়েছে।
এ অবস্থায় সাহানগর গ্রামের প্রায় শতাধিক পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
গ্রামের বাসিন্দা ও শিক্ষক লিটন রায় জানান, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যে ৮ থেকে ১০টি পরিবারের ঘরবাড়ি, গাছপালা ও বসতভিটা নদীতে তলিয়ে গেছে। স্থানীয়ভাবে বিভিন্ন পদ্ধতিতে ভাঙন রোধের চেষ্টা করা হলেও কোনো কার্যকর ফল পাওয়া যাচ্ছে না। পাশাপাশি পার্শ্ববর্তী সৌলরী গ্রামেও নতুন করে ভাঙন দেখা দিয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, হবিগঞ্জ-এর উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুদ চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন আবেদন করলে জরুরি তহবিল থেকে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম বলেন, বিষয়টি তিনি সদ্য অবগত হয়েছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে সাহানগর গ্রামসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

