ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা উপলক্ষে ডিউটিতে নিয়োজিত অফিসার ও পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নরসিংদী জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।

এসময় পুলিশ সুপার পরীক্ষার দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, লিখিত পরীক্ষা পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়াটি শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করতে নরসিংদী জেলা পুলিশ বদ্ধপরিকর। সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।