আবদুর রহমান
সম্পাদক

আজ বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক যুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী সেনা সদস্যদের এক সামরিক অভ্যুত্থান প্রচেষ্টায় তিনি শাহাদাত বরণ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটে।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তাঁর পিতা মনসুর রহমান ছিলেন একজন সরকারি কর্মকর্তা। শৈশব ও কৈশোরের একটি অংশ কেটেছে দেশের বিভিন্ন জেলায়। পরবর্তীতে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করে সেনাবাহিনীতে যোগ দেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে সময় তিনি অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন মেজর ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠের মাধ্যমে তিনি দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন। যুদ্ধে অসামান্য বীরত্ব ও নেতৃত্বের জন্য তাঁকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়।

স্বাধীনতার পর তিনি ধীরে ধীরে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন। ১৯৭৭ সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর জাতীয় ঐক্য, উৎপাদনমুখী অর্থনীতি, কৃষি উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেন। 

১৯৭৮ সালে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের ভিত্তিতে গঠিত দলটি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়।

ব্যক্তিগত সততা, দৃঢ় নেতৃত্ব এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য সমর্থকদের কাছে তিনি আজও শ্রদ্ধাভাজন। তাঁর শাহাদৎবার্ষিকীতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক এবং রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।