ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এক শারীরিক প্রতিবন্ধী ১২ বছর বয়সী শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশী আব্দুল বাসেদ মিয়া (৫৩) নামের এক মিশুক চালকের বিরুদ্ধে।

 ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগের পর স্থানীয়ভাবে সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত বাসেদ মিয়া দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওই শিশুর শারীরিক প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে বিভিন্ন সময় নির্জন স্থানে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করতেন বলে অভিযোগ উঠেছে। ভয়ে ও প্রাণনাশের হুমকির কারণে শিশুটি এতদিন বিষয়টি কাউকে জানাতে পারেনি।

ভুক্তভোগীর মা তাসলিমা বেগম জানান, একদিন তার সামনেই বাসেদ মিয়া শিশুটিকে হাত ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি কারণ জানতে চান। পরে অভিযুক্ত শিশুটিকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যান। এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে কান্নায় ভেঙে পড়ে এবং তার সঙ্গে ঘটে যাওয়া একাধিক ঘটনার বর্ণনা দেয়।

ভুক্তভোগীর বড় বোন বলেন, “আমাদের সামনেই তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা বাধা দিলে বলা হয় তাকে আম দেওয়া হবে। পরে আমার বোনকে আলাদা করে জিজ্ঞাসা করলে সে জানায়, বাসেদ মিয়া তাকে কলাখেত, বাঁশঝাড়সহ বিভিন্ন নির্জন স্থানে নিয়ে গিয়ে অসদাচরণ করেছে। বিষয়টি কাউকে জানালে হত্যা করা হবে বলেও ভয় দেখানো হয়েছিল।”

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে অভিযুক্তের স্ত্রীকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভুক্তভোগীর বাবা বলেন, “আমি বাইরে কাজে ছিলাম। আমার স্ত্রী ফোন করে বিষয়টি জানায়। পরে স্থানীয়ভাবে দরবার বসানো হয়। কিন্তু সেখানে কোনো সুষ্ঠু সমাধান হয়নি। বরং অভিযুক্তের পক্ষের লোকজন উত্তেজনা সৃষ্টি করে।”

ভুক্তভোগী শিশুটি জানায়, “বাসেদ ভাই আমাকে কলাখেতে আর বাঁশঝাড়ে নিয়ে গেছে। আমাকে ভয় দেখাইছে, কাউরে বললে মেরে ফেলবে। তাই এতদিন কাউরে কিছু কই নাই।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। বর্তমানে অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

অভিযুক্ত বাসেদ মিয়া বাসায় না থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।