ওমর ফারুক
বার্তা সম্পাদক

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনার অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

গতকাল সকালে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এবং নরসিংদী সদর উপজেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উদ্যোগে সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এসময় ৭০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ২০০টি গাছের চারা বিতরণ করা হয়।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাসেদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ, সহকারী বন সংরক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, “একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং আমাদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।”

তিনি নরসিংদী জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী মহল এবং সর্বস্তরের জনগণকে নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাড়ির আঙিনা, রাস্তার পাশ, খালি জমি ও জনসাধারণের ব্যবহারযোগ্য স্থানে অধিক সংখ্যক ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তুলতে হবে।

“আসুন, আমরা সবাই অন্তত একটি করে গাছ লাগাই এবং তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করি। আজকের একটি গাছই হতে পারে আগামী দিনের নির্মল বাতাস, নিরাপদ পরিবেশ ও টেকসই বাংলাদেশের ভিত্তি,”—যোগ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের উদ্যোগে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।