বিশেষ প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নরসিংদী সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) “এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ” নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে তার অপর প্রান্তে ইট সংযুক্ত করেন। পরে তিনি নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজের ওপর থেকে কুকুরটিকে নিচের নদীতে নিক্ষেপ করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নরসিংদী জেলা পুলিশের নজরে আসে। এরপর নরসিংদী সদর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোহাম্মদ আলী (২৫)। তিনি নরসিংদী জেলার কামারগাঁও এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় প্রাণী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রাণী অধিকারকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।