
আবদুর রহমান
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। রোববার (২৮ জুন ২০২৬) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত স্পারসোর প্রধান কার্যালয়ে পৌঁছে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক এ পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, গবেষণা উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা কার্যক্রম এবং প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাতীয় নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন, পরিবেশ পর্যবেক্ষণ এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও জোরদার করার নির্দেশ দেন।
তিনি বলেন, দেশের মহাকাশ বিজ্ঞান ও উপগ্রহ প্রযুক্তির বিকাশে স্পারসোকে আরও দক্ষ, কার্যকর ও গবেষণামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যাতে জাতীয় উন্নয়ন ও নিরাপত্তায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি ও দূর অনুধাবন প্রযুক্তি বিষয়ক গবেষণা, উন্নয়ন এবং প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে।

