তানভীর আহমেদ শাওন
বিশেষ প্রতিনিধি

দূরত্বটা কোনো কিলোমিটার বা মাইলের নয়, মাত্র হাত ছোঁয়া ‘৬ ফুট’! আর এই সামান্য দূরত্বের ওপারেই ওত পেতে আছে ২০ ফুট গভীর প্রমত্তা ব্রহ্মপুত্র নদ। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে নরসিংদী সদর উপজেলার ঐতিহ্যবাহী ‘নুরালাপুর উচ্চ বিদ্যালয়’-এর কোটি টাকার বহুতল একাডেমিক ভবন। চোখের সামনে বিদ্যাপীঠ হারিয়ে যাওয়ার এই চরম শঙ্কায় দিন কাটছে ১ হাজারেরও বেশি শিক্ষার্থীর। পড়ালেখার টেবিলে বসে বইয়ের পাতায় মন দেওয়ার বদলে তাদের কান পড়ে থাকে বাইরে—এই বুঝি ধসে পড়ল আজন্মের চেনা স্কুলটি!

​অনুসন্ধানে জানা যায়, এই মহাবিপদের সূত্রপাত কোনো প্রাকৃতিক দুর্যোগে নয়, বরং মানবসৃষ্ট কারণে। প্রায় দুই বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) স্কুলের ঠিক পাশেই একটি সেতু নির্মাণ কাজ শুরু করে। অভিযোগ রয়েছে, বিদ্যাপীঠটির সুরক্ষার কথা বিন্দুমাত্র চিন্তা না করে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে সেতুর পাইলিং ও নদীর তীর ঘেঁষে মাটি খনন করা হয়। এর খেসারত দিতে হয় ২০২৪ সালের অতিবর্ষণে, যখন স্কুলের মূল ভবনের তলার মাটি ধসে পড়ে।
​তখন জোড়াতালির এক চেষ্টা চালিয়েছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। গাছ, ড্রাম শিট আর কাঠের বল্লি দিয়ে কোনোমতে একটি অস্থায়ী গাইড ওয়াল বা ‘পালাসাইডিং’ খাড়া করা হয়েছিল। কিন্তু অতি সাম্প্রতিক টানা ভারী বর্ষণ আর পানির প্রবল স্রোতের মুখে সেই ঠুনকো অস্থায়ী বাঁধটি তাসের ঘরের মতো ভেঙে সলিল সমাধি হয়েছে ব্রহ্মপুত্রের বুকে।
​
​স্কুলের চার দেওয়ালে এখন ক্লাসের গুঞ্জন নয়, প্রতিধ্বনিত হচ্ছে এক অজানা আতঙ্ক। স্কুলের এক ছাত্রের কণ্ঠে ঝরে পড়ল সেই শঙ্কা, “আগে একবার মেরামত করা হলেও বৃষ্টির কারণে এখন অবস্থা খুব খারাপ। এখানে ক্লাস করা এখন আমাদের জন্য চরম ঝুঁকিপূর্ণ।”
​নিরাপত্তাহীনতার এই চাদর ঢেকে রেখেছে শিক্ষকদেরও। এক নারী শিক্ষক অসহায়ত্ব প্রকাশ করে বলেন, “আমরা যখন ক্লাসে থাকি, তখন প্রতিনিয়ত এক বুক ভয় নিয়ে থাকি। কখন যে চোখের সামনে পুরো ভবনটি নদীতে ধসে পড়বে, তার কোনো নিশ্চয়তা নেই।”
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস কামাল ক্ষোভ ও আকুতি মিশিয়ে বলেন, “সেতুর পাইলিংয়ের সময় আমার বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এই অপরিকল্পিত মাটি খননের ফলেই বিল্ডিংয়ে ভাঙন দেখা দেয়। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি বাঁচাতে আমরা ইউএনও ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সব দপ্তরে আশু ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদন জানিয়েছি।”
​
​শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা স্পট পরিদর্শন করে স্পষ্ট জানিয়েছেন, সাধারণ কোনো বাঁধ দিয়ে এই ভাঙন আটকানো অসম্ভব। কোটি টাকার সরকারি সম্পদ ও হাজারো শিক্ষার্থীর প্রাণ রক্ষায় এখানে অতি দ্রুত ‘হেভি স্ট্রাকচার’ বা ভারী স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা একান্ত প্রয়োজন।
​কিন্তু সমাধান যেখানে আলোর মুখ দেখবে, ঠিক সেখানেই এসে দাঁড়িয়েছে আমলাতান্ত্রিক জটিলতার দেয়াল। জানা গেছে, মূল সেতুর কাজ এবং এই স্থায়ী সমাধান—দুই-ই আটকে আছে তিতাস গ্যাসের পাইপ লাইন সরানোর এক চক্করে।
​এ বিষয়ে এলজিইডি কর্তৃপক্ষ দোষ চাপাচ্ছে তিতাস গ্যাসের ওপর। তারা বলছেন, গ্যাস পাইপ লাইনের কারণে কাজ সাময়িক বন্ধ ছিল এবং ইতিমধ্যে ঠিকাদারও বদলানো হয়েছে। অফিশিয়াল সব প্রসেস শেষ, এখন গ্যাস পাইপটি সরিয়ে নিলেই দ্রুত ব্রিজের কাজ শেষ করা হবে।
​অন্যদিকে, তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মামুনুর রহমান বরাবরের মতোই এক আশ্বাসের বাণী শুনিয়েছেন। তাঁর ভাষ্য, মালামাল উত্তোলনের প্রক্রিয়া শেষ হয়েছে এবং নারায়ণগঞ্জের নির্মাণ শাখা থেকে দ্রুতই পাইপলাইন স্থানান্তরের কাজ সম্পন্ন করা হবে।
​
​নদীর পাড়ে দাঁড়িয়ে যখন ধ্বংসের প্রহর গোনা হচ্ছে, তখন সরকারি এক দপ্তরের সাথে আরেক দপ্তরের চিঠি চালাচালি আর লাল ফিতের ফাইলবন্দী টেবিলে সময় পার হচ্ছে। প্রমত্তা ব্রহ্মপুত্র নদ কোনো দাপ্তরিক ফাইলের নিয়ম বা আমলাতান্ত্রিক অজুহাত চেনে না। সে তার নিজের গতিতে গিলে খাচ্ছে নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের সীমানা। এই আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যে যদি এখানে স্থায়ী ব্লক বা বাঁধের কাজ শুরু না হয়, তবে হয়তো অচিরেই ব্রহ্মপুত্রের উদরে হারিয়ে যাবে এই অঞ্চলের সাধারণ মানুষের স্বপ্নের শেষ বিদ্যাপীঠটি। আর তখন হয়তো আর আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না।