
ওমর ফারুক
নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. হারুন অর রশিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তার প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় নেতাদের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হারুন অর রশিদের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।
তারা জানান, হারুন অর রশিদ বর্তমানে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে প্রভাবিত।
নেতাকর্মীরা আরও বলেন, অপপ্রচারের মাধ্যমে জনগণের সমর্থন নষ্ট করা যাবে না। তারা সকলকে গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে সত্যতা যাচাই করে সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল হক, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন, যুগ্ম আহ্বায়ক আজিজ মৃধা, প্রচার সম্পাদক মাসুম খান, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন নয়ন, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম আযম রতনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

