ওমর ফারুক
বার্তা সম্পাদক

রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নরসিংদীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১২ আগস্ট) নরসিংদী সদর উপজেলার সদর হাসপাতাল সংলগ্ন নিরাময় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে হাসপাতালটির লাইসেন্স, চিকিৎসাসেবা, অপারেশন থিয়েটার ও অবকাঠামোগত ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করা হয়।

অভিযানকালে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স গত তিন অর্থবছর ধরে নবায়ন না করার বিষয়টি হয়। এছাড়া অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় অ্যাম্বু ব্যাগ না থাকা, একটি OT লাইট অকার্যকর থাকা, কালেকশন রুমে বর্জ্য ফেলার প্রয়োজনীয় বিন না থাকা এবং OT রেজিস্টার হালনাগাদ না পাওয়ার মতো অনিয়ম পাওয়া যায়।

এছাড়া ডিউটি চিকিৎসকের নিয়োগপত্র প্রদর্শন করতে না পারা, হাসপাতালের তথ্য কর্মকর্তার নাম ও যোগাযোগের তথ্য প্রদর্শন না করা এবং ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষরে অসংগতি পাওয়ার বিষয়টিও অভিযানে উঠে আসে।

এসব অনিয়মের বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. সঞ্জয় কুমার সাহা প্রসিকিউশন দাখিল করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে তা আদায় করা হয়।

একইসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে বিধি-বিধান অনুসরণ করে দ্রুত সময়ের মধ্যে সব অনিয়ম ও অসংগতি সংশোধনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে নরসিংদী র‍্যাবের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

একইসঙ্গে জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে প্রযোজ্য আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।