তানভীর আহমেদ শাওন
বিশেষ প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে রেস্টুরেন্ট ব্যবসার অংশীদারিত্ব ও স্টাফ ভাগানো কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষই পরস্পরকে দায়ী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে অভিযুক্ত পক্ষ এটিকে ব্যবসা দখলের চক্রান্ত ও সাজানো আঘাত বলে দাবি করছে।

ঘটনার বিবরণীতে ভুক্তভোগী মোহাম্মদ কেফায়েত উল্লাহ অভিযোগে উল্লেখ করেন, পূর্ব শত্রুতা ও ব্যবসার কর্তৃত্ব নেওয়ার জেরে অভিযুক্ত মোঃ মনসুর আহমেদ খোকন, তার ভাই মাসুদ ও হাবিবুল্লাহসহ অজ্ঞাতনামারা তাদের ওপর হামলা চালায়। এতে তিনি, তার ভাই মাহবুবুর রহমান ও ম্যানেজার মাকসুদ আলম আহত হন। কেফায়েত উল্লাহর দাবি, প্রতিপক্ষ তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অন্যদিকে, অভিযুক্ত মোঃ মনসুর আহমেদ খোকন গণমাধ্যমের কাছে ঘটনাটিকে সম্পূর্ণ ‘পূর্বপরিকল্পিত চক্রান্ত’ বলে আখ্যা দেন। তার দাবি, ‘কফি এন ক্যাফে বিডি’ নামের প্রতিষ্ঠানটি বন্ধ করতে এবং তার দোকানের প্রধান শেফসহ কর্মী ভাগিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল প্রতিপক্ষ। ঘটনার দিন বিদ্যুৎতের সংযোগ তার ছিঁড়ে যাওয়া নিয়ে জেনারেটর ও কাভার্ডভ্যানের ঝামেলা মেটাতে গেলে কেফায়েত উল্লাহ ও তার সঙ্গীরা এগ্রেসিভ মেজাজে এসে তার ভাই মাসুদের কলার ধরে টানাটানি করে। আত্মরক্ষার্থে ধস্তাধস্তির সৃষ্টি হলে তারা পড়ে যান। এছাড়া প্রতিপক্ষের চিকিৎসাধীন থাকার ধরন ও ‘ব্যান্ডেজের নাটক’ নিয়ে প্রশ্ন তুলে খোকন নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই রেস্টুরেন্টের নাম ও পার্টনারশিপ নিয়ে মানসিক টানাপোড়েন চলছিল। কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং হাতাহাতি শুরু হয়।

এ বিষয়ে মাধবদী পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপি সভাপতি আমানউল্লাহ আমান জানান, এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, “এ ঘটনায় কেফায়েত উল্লাহ বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন। তবে অন্য পক্ষও মারধরের একটি অভিযোগ দিয়েছে। সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে কিন্তু ঘটনার স্থানের কোনো ফুটেজ মিসিং পাওয়া গেছে। ভুক্তভোগীদের আঘাত গুরুতর নাকি সামান্য সোয়েলিং (ফোলা অবস্থা), তা নিশ্চিত হওয়া যাবে মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”