
ওমর ফারুক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) নরসিংদী সদর উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, ছাত্রদল নেতা মাসুমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং নরসিংদীকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
মমিনুল ইসলাম জিসান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশব্যাপী সবুজায়নের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে ছাত্রদলের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় ভূমিকা রাখবেন।
কর্মসূচিতে নেতাকর্মীরা শুধু চারা রোপণ নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন।

