
ওমর ফারুক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধার পক্ষ থেকে ড. আবদুল মঈন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
২১ আগস্ট ২০২৬ নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ২২ আগস্ট জারি করা সরকারি প্রজ্ঞাপনে ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ড. আবদুল মঈন খান এর আগে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পরিকল্পনা প্রতিমন্ত্রী, ২০০১ থেকে ২০০২ সাল পর্যন্ত তথ্যমন্ত্রী এবং ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন ড. আবদুল মঈন খান। নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৭৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা ড. মঈন খান ২০০৯ সালের ডিসেম্বরে দলটির স্থায়ী কমিটির সদস্য হন।
নতুন দায়িত্ব পাওয়ার পর নরসিংদীবাসীর মধ্যেও তাঁকে ঘিরে উন্নয়ন প্রত্যাশা বেড়েছে। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকা সড়ক যোগাযোগ, স্থানীয় অবকাঠামো, নগর ও গ্রামীণ উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিক সেবা উন্নয়নে তাঁর অভিজ্ঞ নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, চলতি বছর নরসিংদী-২ আসনে নির্বাচনী প্রচারণার সময় ড. মঈন খান নরসিংদীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি গ্রামের উন্নয়নকে দেশের সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন।
ফুলেল শুভেচ্ছা জানানো শেষে সারোয়ার হোসেন মৃধা ড. আবদুল মঈন খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে কার্যকর পরিবর্তন এবং নরসিংদীর উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করেন।

