
রবিউল ইসলাম
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, দোয়া মাহফিল এর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আড়ানী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খোর্দ্দবাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আড়ানী ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহতাব মাস্টার সঞ্চালিত সভায় সভাপতিত্ব করেন, আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি সাজদার রহমান। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, আড়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ বাস্তবায়নে কাজ করার আহ্বানও জানান ।
আলোচনা সভা শেষে খোর্দ্দবাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়।
র্যালি শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় আড়ানী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

