মোঃ সেলিম রেজা তাজ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা, বিপুল পরিমাণ সিরাপ, যৌন উত্তেজক ট্যাবলেট ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
‎
‎বিজিবি জানায়, অভিযানে ৪ হাজার পিস ইয়াবা, ২ বোতল ESCUF SYRUP, ৪৮ বোতল WINCEREX SYRUP, ২০০ পিস VIGORE যৌন উত্তেজক ট্যাবলেট, ৭৫টি শাড়ি, ১১টি থ্রি-পিস, ২টি কম্বল, ১ কেজি জিরা ও ২৫২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ৬০ হাজার ৪০০ টাকা।
‎
‎এ ঘটনায় চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে মিলন (৩৪)কে আটক করা হয়েছে। পরে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। ‎তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।