মোঃ মোবারক হোসেন
নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সামাদ আকন্দ বকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহামুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, মনোহরদী পল্লী বিদ্যুতের ডিজিএম ফজিলত রাব্বি মুমিনা, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মো. হারুন অর রশিদ, মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলাম মোল্লা বাবুল, মো. লুৎফুর রহমান, মদিনা গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইব্রাহিম তালুকদার দিদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন মিয়া হোসেন মোল্লা, রমজান তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আমেনা পারভীন দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও বাস্তবায়িত হয়েছে। একজন দক্ষ ও দায়িত্বশীল শিক্ষকের পাশাপাশি তিনি শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহামুদুল হাসান বলেন, একজন শিক্ষকের প্রকৃত অর্জন তাঁর শিক্ষার্থীদের মাঝে বেঁচে থাকে। দীর্ঘদিনের কর্মজীবনে প্রধান শিক্ষক আমেনা পারভীন যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন, তা প্রশংসার দাবিদার। তাঁর অভিজ্ঞতা ও অবদান নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

সভাপতির বক্তব্যে আব্দুস সামাদ আকন্দ বকুল বলেন, প্রধান শিক্ষক আমেনা পারভীন বিদ্যালয়ের দায়িত্ব পালনে অত্যন্ত আন্তরিক ও পরিশ্রমী ছিলেন। তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, নেতৃত্ব ও বিদ্যালয়ের উন্নয়নে অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিদায়ে বিদ্যালয় পরিবার একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে হারালেও তাঁর কর্ম ও স্মৃতি সবার মাঝে অম্লান থাকবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ তাঁর বক্তব্যে বলেন, আমেনা পারভীন শুধু একজন প্রধান শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে একজন নিবেদিতপ্রাণ অভিভাবক। দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম, দক্ষ নেতৃত্ব ও আন্তরিকতার মাধ্যমে তিনি বিদ্যালয়কে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করেছেন।

সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সহযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তাঁর কর্মজীবনের অবদান মনোহরদীর শিক্ষা অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষপর্বে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সভাপতি, সহসভাপতি ও অন্যান্য সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে বিদায়ী প্রধান শিক্ষক আমেনা পারভীনকে সম্মানিত করেন। এ সময় অনেকেই তাঁর সঙ্গে দীর্ঘদিনের স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

দীর্ঘ কর্মজীবন শেষে অবসরজীবনে পা রাখা এই শিক্ষকের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।