
মোঃ সেলিম রেজা তাজ
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২১ লাখ ৭৪ হাজার ৩৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৭৮টি শাড়ি, ৩৮টি কম্বল, ৮টি চাদর, ১টি থ্রিপিস, ৪ দশমিক ৫ কেজি জিরা, ২৭ প্যাকেট ফুচকা, ১৩ দশমিক ৫ কেজি কিসমিস, ২ কেজি কাজুবাদাম, ১ হাজার ১৩৯টি চকলেট, ২১টি খাদ্যসামগ্রী, ১ হাজার ৩৩৬টি কসমেটিকস সামগ্রী এবং ১২০টি মোবাইল ফোনের ডিসপ্লে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৭৪ হাজার ৩৫০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

