আবদুর রহমান
সম্পাদক

বিড়ির অবৈধ ব্যবসায় ব্যবহারের জন্য রাখা বিপুল পরিমাণ ভুয়া রাজস্ব স্ট্যাম্পের উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপজেলার কামরাবো বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১১ লাখ ৮৫ হাজার ৪৬০ টাকা মূল্যের এসব জাল ব্যান্ডরোল জব্দ করেছে প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানার কামরাবো বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের কোতোয়ালি থানার মৃত মনিন্দের ছেলে নেপাল দত্ত (৬১) এবং নরসিংদীর শিবপুর থানার মৃত জমির উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫)।

অভিযানকালে তাঁদের কাছে তল্লাশি চালিয়ে ১১ লাখ ৮৫ হাজার ৪৬০ টাকা মূল্যের বিড়ির অবৈধ ও ভুয়া রাজস্ব স্ট্যাম্প উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দ করা আলামতসহ গ্রেপ্তার দুজনকে শিবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে।