
ওমর ফারুক
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রেলযাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং বিভিন্ন দাবি বাস্তবায়নে নতুন আশার সঞ্চার হয়েছে। এ লক্ষ্যে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রেলযাত্রীদের গুরুত্বপূর্ণ দাবিগুলো তুলে ধরেছেন নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের নেতৃবৃন্দ।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) ফোরামের সভাপতি আমজাদ জুয়েলের নেতৃত্বে সদস্যরা সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নরসিংদীর সাধারণ রেলযাত্রীদের দীর্ঘদিনের সমস্যা, যাতায়াতের দুর্ভোগ এবং রেলসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে নরসিংদী রেলওয়ে স্টেশনে পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ও তূর্ণা এক্সপ্রেস (৭৪১/৭৪২) ট্রেনের যাত্রাবিরতি কার্যকরের দাবি বিশেষ গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়। এ বিষয়ে রেলওয়ের বিভাগীয় মহাব্যবস্থাপক কর্তৃক ইস্যুকৃত বিজ্ঞপ্তি নম্বর ৫৪.০১.১৫০০.১০৮.০২.০১০.২৪.৭৩৩-এর বিষয়টিও সংসদ সদস্যের দৃষ্টিগোচর করেন ফোরামের সদস্যরা।
এ ছাড়া নরসিংদী কমিউটার-২ ও কমিউটার-৩ ট্রেন নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে পরিচালনা এবং নরসিংদী রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর আসনসংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়িত হলে প্রতিদিন যাতায়াতকারী বিপুলসংখ্যক যাত্রীর দুর্ভোগ কমার পাশাপাশি রেল যোগাযোগ আরও যাত্রীবান্ধব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফোরামের সদস্যদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন। উত্থাপিত দাবিগুলোর বিষয়ে তিনি আন্তরিকতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সংসদ সদস্যের সঙ্গে এ সাক্ষাতের পর নরসিংদীর রেলযাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের বিষয়ে আশাবাদী হয়ে উঠেছেন ফোরামের সদস্যরা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এতে নরসিংদীর রেল যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

