তানভীর আহমেদ শাওন
বিশেষ প্রতিনিধি

প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর-বাবুরহাট, দেশের বৃহৎ বস্ত্রশিল্প আর কৃষির উর্বর ভূমি—নরসিংদী সদর উপজেলার ১২ দশমিক ৯৫ বর্গকিলোমিটারের জনবহুল জনপদ শীলমান্দী ইউনিয়ন। প্রায় ৫৮ হাজার মানুষের এই জনপদে শিক্ষা, বাণিজ্য ও উৎপাদনের প্রাণচাঞ্চল্য থাকলেও আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা এবং মাদক ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ ভবিষ্যৎ নিয়ে এখন বড় ভাবনায় রয়েছেন এখানকার সাধারণ মানুষ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে চায়ের কাপ থেকে শুরু করে অলিগলিতে এখন একটাই আলোচনা—কে হচ্ছেন শীলমান্দীর আগামীর কান্ডারি?

স্থানীয় ভোটারদের মুখে মুখে যার নাম আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে, তিনি হলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং রাজপথের লড়াকু রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ রফিকুল ইসলাম। ১৯৭৪ সালের ৮ অক্টোবর শীলমান্দীর শেখেরচর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া রফিকুল ইসলাম নরসিংদী সরকারি কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। কর্মজীবনে তিনি একজন সফল উদ্যোক্তা; এস.এ এন্টারপ্রাইজসহ একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্ণধার এবং বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের আজীবন সদস্য। ছাত্ররাজনীতি থেকে শুরু করে দীর্ঘ সংগ্রামী জীবনে একাধিক মিথ্যা মামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি নিজের আদর্শ থেকে সরে দাঁড়াননি বলে জানান স্থানীয়রা।

স্থানীয় মুরুব্বি ও সচেতন মহলের মতে, শিক্ষিত, পরিচ্ছন্ন ইমেজ ও আপসহীন ব্যক্তিত্ব হিসেবে রফিকুল ইসলাম বর্তমান প্রেক্ষাপটে শীলমান্দীর মানুষের কাছে অন্যতম আস্থার নাম।

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল জামান কামাল বলেন, “রফিকুল ইসলাম একজন শিক্ষিত ও ভদ্রলোক। স্কুল, কলেজ, মসজিদ—সব জায়গায় উনার বিচরণ। কেউ সাহায্য চাইতে গেলে খালি হাতে ফেরে না। ওর কোনো বদনাম নেই, ও মানুষের উপকার করে। আমার দৃষ্টিতে অন্য প্রার্থীরা যা ভোট পাবে, ও একা তার সমপরিমাণ ভোট পাবে।”

স্থানীয় মুরুব্বি সাত্তার মিয়া বলেন, “উনি অত্যন্ত ন্যায়নিষ্ঠার সাথে বিচার-সালিশ করেন। উনার বিচারে উভয় পক্ষই সবসময় সন্তুষ্ট থাকে। মানুষ তার ওপর অন্ধের মতো আস্থা রাখে।”

উন্নয়নের পাশাপাশি শীলমান্দীর সচেতন নাগরিকদের চোখে এখন বড় শঙ্কা হয়ে দাঁড়িয়েছে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার। শিক্ষক, অভিভাবক ও সাধারণ ভোটাররা চান এমন একজন নেতৃত্ব, যিনি শক্তহাতে এই সামাজিক সমস্যা দমন করবেন।

এ প্রসঙ্গে এক স্থানীয় শিক্ষক বলেন, “আমাদের এই এলাকার সবচেয়ে বড় ইস্যু হলো মাদক ও কিশোর গ্যাং। স্কুল-কলেজমুখী ছেলেমেয়েরা আজ বিপদের মুখে। আমরা চাই, আগামী দিনে যিনি চেয়ারম্যান হয়ে আসবেন, তিনি প্রশাসনকে সাথে নিয়ে সবার আগে এই যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করবেন।”
​একজন স্থানীয় নারী ভোটার বলেন, “আমাদের ছেলেমেয়েরা যাতে নিরাপদে স্কুলে যেতে পারে এবং এলাকার ভেতর থেকে মাদকের আড্ডা যেন চিরতরে দূর হয়, আমরা এমন একজন জনবান্ধব চেয়ারম্যান চাই।”

জনগণের এমন প্রত্যাশা ও ভালোবাসাকে সামনে রেখে শীলমান্দীকে একটি আধুনিক, মডেল ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম।

নিজের ভাবনা ও অঙ্গীকার তুলে ধরে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আমি শীলমান্দী ইউনিয়ন ঘুরে দেখেছি এখানে ব্যাপক উন্নয়নের প্রয়োজন। সরকারি উদ্যোগের সাথে ব্যক্তিগত উদ্যোগের সমন্বয় ঘটিয়ে আমি এলাকার সুনির্দিষ্ট উন্নয়ন করতে চাই। বিশেষ করে, বর্তমান সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে হবে। খেলাধুলা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার প্রসারের মাধ্যমে আমরা একটি নেশামুক্ত সমাজ গড়তে চাই। আমার কোনো গুন্ডাবাহিনী নেই, আমি শান্তিপ্রিয় মানুষ। মালিক-শ্রমিক ও সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে একটি মডেল ইউনিয়ন উপহার দেওয়াই আমার লক্ষ্য।”

শিক্ষা, ব্যবসা আর ঐতিহ্যের জনপদ শীলমান্দী আজ একটি ইতিবাচক পরিবর্তনের অপেক্ষায়। পরিচ্ছন্ন ভাবমূর্তি, সংগ্রামী রাজনৈতিক পটভূমি আর জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মোহাম্মদ রফিকুল ইসলাম আগামী দিনে কতটা আস্থার প্রতীক হয়ে উঠতে পারেন—এখন সেটাই দেখার অপেক্ষা স্থানীয়দের।