ওমর ফারুক
বার্তা সম্পাদক

“অদম্য নারী পুরস্কার-২০২৫” শীর্ষক কর্মসূচির আওতায় ঢাকা বিভাগের অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সোমবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী গোলাম তৌসিফ। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা জেলার উপপরিচালক রেজিনা আরজু লাভলী। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সালমা খাতুন।

এবারের আয়োজনে নরসিংদী জেলার পাঁচজন অদম্য নারী বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেন। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের সুমাইয়া আক্তার সম্মাননা লাভ করেন। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্যের জন্য রায়পুরা উপজেলার গকুলনগর গ্রামের তানজিনা আক্তার নীলা পুরস্কৃত হন। সফল জননী হিসেবে রায়পুরা উপজেলার দিঘলিয়াকান্দি গ্রামের জোসনা বেগম সম্মাননা পান। নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে নরসিংদী সদর উপজেলার পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লার শংকরী রানী সূত্রধর স্বীকৃতি অর্জন করেন। সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য রায়পুরা উপজেলার খালেদা পারভীন সম্মানিত হন।

তাদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সনদ ও পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত পাঁচজনকে সম্মাননা ক্রেস্ট, সনদ এবং ২৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

তারা হলেন আরিফা বেগম, মারুফা আক্তার, মুক্তা আক্তার, নাছরিন আক্তার এবং মোসা: আফরোজা ইয়াসমিন।উল্লেখ্য, ঢাকা বিভাগের জেলা পর্যায়ে মোট ৫৭ জন অদম্য নারীকে এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, নারীর ক্ষমতায়ন ও সমাজে তাদের অসামান্য অবদানকে স্বীকৃতি দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।