
ওমর ফারুক
নরসিংদী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে আনন্দ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। এসময় সংগঠনের সাবেক সদস্য সচিব মাঈনুদ্দিন ভূঁইয়ার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি তোলা হয়।
মঙ্গলবার (৫ মে) বিকেলে শহরের বটতলা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নরসিংদী সরকারি কলেজের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পুরো মিছিলজুড়ে স্লোগানে মুখর ছিল এলাকা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফাতিন আলম নাফি ও সারোয়ার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল মিহাল, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক সিহাব ও শেখ সাফিয়ান জাবের।
এছাড়াও তানজিমান আহমেদ তানিন, তানজিবুর রহমান তন্ময়, মারিফুল ইসলাম সাগর, ফুয়াদ হাসান দিপু, নাজমুল ইসলাম ও তাসিন আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, দলের কঠিন সময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।
মাঈনুদ্দিন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হবে বলেও তারা উল্লেখ করেন।সহ-সভাপতি ফাতিন আলম নাফি তার বক্তব্যে বলেন, “দুঃসময়ে রাজপথে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অবমূল্যায়ন করা হলে সংগঠন দুর্বল হয়ে পড়বে।
আমরা দ্রুত মাঈনুদ্দিন ভূঁইয়ার বহিষ্কার প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”শেষে নেতাকর্মীরা সংগঠনের ঐক্য বজায় রেখে ভবিষ্যতে আন্দোলন-সংগ্রাম জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

