বিশেষ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহিলা ইউনিট শাখার সভানেত্রী মিসেস নুরুস সাহিবা ও সদস্য সচিব হাফেজা বুশরা এক যৌথ বিবৃতিতে যাকাত সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির ক্ষমা দাবি করেছেন।

রবিবার (৩ মে ২০২৬) প্রদত্ত বিবৃতিতে নেত্রীদ্বয় বলেন, যাকাত ইসলামের একটি মৌলিক বিধান এবং পাঁচটি স্তম্ভের অন্যতম। পবিত্র কোরআনের বহু স্থানে যাকাতের গুরুত্ব বর্ণিত হয়েছে। সুরা তওবায় আল্লাহ তায়ালা বলেন, “তাদের সম্পদ থেকে সদকা (যাকাত) গ্রহণ করো, এর মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র ও পরিশোধিত করবে।”—যা প্রমাণ করে যাকাত সম্পদকে পবিত্র করে।

তারা আরও উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) যাকাতকে অমঙ্গল দূরকারী হিসেবে আখ্যায়িত করেছেন। হাদিসে বর্ণিত আছে, হযরত জাবের (রা.) থেকে বর্ণিত এক ঘটনায় একজন ব্যক্তি রাসূল (সা.)-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, কেউ যদি তার সম্পদের যাকাত আদায় করে, তবে তার সম্পদ থেকে অকল্যাণ ও অমঙ্গল দূর হয়ে যায়।

বিবৃতিতে নেত্রীদ্বয় অভিযোগ করেন, সম্প্রতি নিলোফার চৌধুরী মনি যাকাত ও ফিতরা প্রসঙ্গে যে মন্তব্য করেছেন—“চাঁদাবাজি তো বেটার আপনার যাকাতের চেয়ে, ফেতরার চেয়ে”—তা চরম দায়িত্বজ্ঞানহীন ও ইসলাম অবমাননাকর। তারা বলেন, এ ধরনের বক্তব্য শুধু অনভিপ্রেত নয়, বরং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ইসলামের মৌলিক বিধান নিয়ে কটূক্তি করার সুযোগ নেই। অতীতে বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক সম্পর্ক থাকলেও সে সম্পর্কের মধ্যে শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি।

নেত্রীদ্বয় আশা প্রকাশ করে বলেন, নিলোফার চৌধুরী মনি তার বক্তব্য প্রত্যাহার করবেন এবং মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন।