নিউজ ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করছে সরকার।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, জেলা প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, যা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার গণতন্ত্রের অন্যতম ভিত্তি এবং তৃণমূল পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ খাতকে শক্তিশালী করা গেলে গণতন্ত্র আরও সুসংহত হবে।

মির্জা ফখরুল বলেন, জেলা প্রশাসকদের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে এবং সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক, তাই তাদের সম্পৃক্ত করেই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।