ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণার পরপরই সংগঠনের ভেতরে অসন্তোষের সুর জোরালো হয়ে উঠেছে। বিশেষ করে ত্যাগী ও কারানির্যাতিত ছাত্রনেতা এবং সাবেক সদস্য সচিব মাঈনুদ্দিন ভূঁইয়াকে কমিটিতে স্থান না দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজপথকেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় থাকা মাঈনুদ্দিন ভূঁইয়া দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মিছিল-মিটিং, হরতাল ও অবরোধসহ বিভিন্ন আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া এই নেতাকে উপেক্ষা করা হয়েছে, যা সংগঠনের জন্য হতাশাজনক বলে মনে করছেন তারা।

দলীয় সূত্র জানায়, মাঈনুদ্দিন ভূঁইয়া এর আগে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে একাধিকবার কারাবরণও করতে হয়েছে।

নেতাকর্মীরা আরও উল্লেখ করেন, ২০১৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সময় তার নেতৃত্বে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার ঘটনাটি এখনও কর্মীদের কাছে স্মরণীয়।

এদিকে, নতুন কমিটিতে তাকে অন্তর্ভুক্ত না করা এবং পূর্বের বহিষ্কারাদেশ বহাল থাকাএই দুই বিষয়কে কেন্দ্র করে সংগঠনের ভেতরে ক্ষোভ আরও বাড়ছে। দ্রুত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে যথাযথ মর্যাদা ও সাংগঠনিক দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

তাদের মতে, শুধু মাঈনুদ্দিন ভূঁইয়া নয়সংগঠনের যেসব ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মী দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। তা না হলে সংগঠনের ভেতরে হতাশা ও বিভক্তি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

নেতাকর্মীরা আশা করছেন, কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন এবং ত্যাগী নেতাদের সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করবেন।