
মেহেদী হাসান
কলেজে যাওয়ার পথে ওত পেতে ছিল বখাটে ওবায়েদ ও তার সহযোগীরা। ছুটি শেষে বাড়ি ফেরার পথে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় নরসিংদী ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে। দীর্ঘ দুই দিনের রুদ্ধশ্বাস উৎকণ্ঠার পর অবশেষে তাকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর মূল অভিযুক্তসহ জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার ভেলানগর এলাকার ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল ওবায়েদ রহমান (২০)। গত ৪ মে সকালে কলেজে যাওয়ার পর দুপুরে ফেরার পথে ব্রাক্ষন্দী এলাকা থেকে তাকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাওয়া হয়।
মেয়ের নিখোঁজের খবর পেয়ে বিকেলেই অভিযুক্তের বাড়িতে ছোটেন ভিকটিমের বাবা। কিন্তু সেখানে তাকে সহযোগিতা করার বদলে উল্টো ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় ওবায়েদের পরিবার। পরবর্তীতে সন্ধ্যায় প্রধান আসামির ফোন থেকে কল করে জানানো হয়, মেয়েটি তাদের কবজায় আছে। এরপর থেকেই মেয়ের জীবন নিয়ে চরম উদ্বেগ আর আতঙ্কে দিন কাটছিল স্বজনদের।
আজ ৭ মে (বৃহস্পতিবার) নরসিংদী মডেল থানায় ওবায়েদ রহমানসহ তার বাবা বিপ্লব মিয়া (৫৫), মা সাথী বেগম (৪৫) ও তিশা (১৮) নামের চারজনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করা হয়। মামলা নং- ২২(৫)২০২৬। অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নামে পুলিশ এবং নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে ভিকটিমকে আদালতে পাঠানো হলে সেখানে তার ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাসিম মিয়া বলেন, “আমরা ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি। জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না।”
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিরা পালিয়ে থাকলেও দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

