
নুরুল কবির
চট্টগ্রামের সাতকানিয়ায় ঝুলে থাকা উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ দিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন কাজের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়েই প্রকল্প শেষ করতে হবে, গাফিলতি বরদাশত নয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর শাহ আলম, সাবেক আমীর এম ওয়াজেদ আলী, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবরসহ ঠিকাদার ও সংশ্লিষ্টরা। প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহজাহান চৌধুরী বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এলাকার উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। রাস্তাঘাট দ্রুততম সময়ে সংস্কার করে জনদুর্ভোগ কমাতে হবে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক সড়কের কাজ শুরু হলেও মাসের পর মাস অসমাপ্ত থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সংশ্লিষ্টদের উদ্দেশে তাঁর নির্দেশনা সংস্কার কাজে গতি আনুন। সরকারের প্রকল্প সময়মতো শেষ করুন, মানের সঙ্গে কোনো আপস নয়। সভায় অন্য বক্তারাও চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। বিভিন্ন প্রকল্পের বিদ্যমান সমস্যা, প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। প্রকল্পের গতি বাড়াতে ঠিকাদারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

