মোঃ কামাল হোসেন
চুয়াডাঙ্গা জেলা জীবননগরের আন্দুলবাড়িয়া বাজার এডহক কমিটি উন্নয়নের নামে অনুদান নেয়া সরকারি এইচ বিবি হেরিং রাস্তার প্রায় ৪৫ হাজার ইট ও বালু প্রকাশ্যে নিলামে বিক্রি না করে গোপনে বিক্রি করায় জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রায় ৪ লক্ষ টাকার ইট ও বালু নাম মাত্র মূল্যে গোপনে বিক্রি করার অভিযোগ উঠায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা প্রকৌশলী ইট উদ্ধার করে ইউনিয়ন পরিষদের জিম্মায় দেয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার আন্দুলবাড়িয়া মাছ বাজার হইতে হান্নান ডাক্তারের বাড়ি পর্যন্ত সরকারিভাবে এইচ বিবি হেরিং রাস্তা নির্মাণ করা হয়। সম্প্রতি বাজার উন্নয়নে উইকিয়ার প্রকল্পে আওতায় এইচ বিবি হেরিং রাস্তা তুলে আর সিসি রাস্তা নির্মাণে ঠিকাদার নিয়োগ দেয়া হয়।
উন্নয়নে যার প্রক্কলিত মুল্য ধরা হয়েছে কুলতলা হইতে ডুমুরিয়া রাস্তা ও আন্দুলবাড়িয়া বাজার উন্নয়নে ৫৫ কোটি ও পরবর্তীতে ৫২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সম্প্রতি বাজার কমিটির নেতৃবৃন্দ ওই রাস্তার ইট উপজেলা প্রকৌশলীর নিকট বাজার উন্নয়নের স্বার্থে অনুদান হিসাবে দাবী করেন।
বাজার এডহক কমিটি এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তবলী ও নীতিমালা অনুসারণ করে উপজেলা প্রকৌশলীর নিকট ওই ইট ও বালু অনুদান হিসাবে গ্রহন করেন। এরই মধ্যে বাজার কমিটির নেতৃবৃন্দ অনুদান হিসাবে নেয়া ৪৫ হাজার ইট ও বালু কোন মাইকিং, টোল সহরত ও বিজ্ঞপ্তি প্রকাশ না করে গোপনে বাজার কমিটির অন্যতম সদস্য মোল্লা শরিফুল ইসলামের নিকট ১ লক্ষ ৪০ হাজার টাকার বিনিময় বিক্রি করে দেয়ার অভিযোগ উঠে।
সরকারি অনুদান হিসাবে নেয়া ইট ও বালু প্রকাশ্যে নিলামে বিক্রি না করে গোপনে নাম মাত্র মুল্যে বিক্রি করায় স্থানীয় বিভিন্ন মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে স্থানীয়ভাবে প্রতিক্রিয়া ও অভিযোগ উঠায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গতকাল শনিবার উপজেলা প্রকৌশলী ওই ইট ও বালু ক্রেতা মোল্লা শরিফুল ইসলামের নিকট থেকে উদ্ধার করে ইউপি চত্বরে চেয়ারমানের জিম্মায় দেয়া হয়েছে।
এ বিষয়ে আন্দুলবাড়িয়া বাজার এডহক কমিটির যুগ্ম আহবায়ক আশাদুর রহমান আশা বলেন, উন্নয়নের নামে নেয়া প্রায় ৩০ হাজার ইট ও বালু কয়েকজন ক্রেতাকে দেখিয়ে সবোর্চ্চ দরদাতা হিসাবে মোল্লা শরিফুল ইসলামের নিকট ১ লক্ষ ৪০ হাজার।টাকার বিনিময় বিক্রি দেয়া হয়েছে।
বিক্রি দেয়ার পুর্বে ঢোল সহরত, মাইকিং, বিজ্ঞপ্তি ও নীতিমালা অনুসরণ করা হয়েছিল কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা তো অতসব বুঝি না। তবে কোন অনিয়ম ও স্বজন প্রীতি কর হয়নি বলে তিনি দাবী করেন।
ইট ক্রয় কারী বাজার কমিটির অন্যতম সদস্য মোল্লা শরিফুল ইসলাম বলেন, বাজার এডহক কমিটি ইট ও বালু বিক্রি করার সহরত দিলে আমি সর্বোচ্চ দরদাতা হিসাবে ১ লক্ষ ৪০ হাজার টাকা বিনিময় গ্রহন করি। যদি কোন অনিয়ম হয়, তার জন্য তো আমি দায়ী হতে পারি না।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন ও ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান অভিন্ন ভাষায বলেন, সরকারি অনুদান হিসাবে নেয়া ইট ও বালু বিক্রির কোন নীতিমালা বাজার এডহক কমিটি নেতৃবৃন্দ অনুসরণ করেনি।
এইট ও বালু অনিয়ম ও স্বজন প্রীতির মাধ্যমে বিক্রি করায় স্থানীয়ভাবে জনমনে প্রতিক্রিয়া দেখা দেয়ায় ব্যক্তিগন প্রকাশ্যে নিলামে বিক্রি করার দাবী জানান।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলামের মতামত জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

