ওমর ফারুক
বার্তা সম্পাদক

“ইউনিয়ন মানে শুধু একটি পরিষদ ভবন নয়, এটি মানুষের জীবন, সমাজ ও ভবিষ্যতের প্রতিচ্ছবি” এমন ভাবনা তুলে ধরে সামাজিক সচেতনতা ও অংশগ্রহণমূলক রাজনীতির আহ্বান জানিয়েছেন রায়পুরা উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মো. মাছুম মৃধা।

সম্প্রতি “আমাদের ইউনিয়ন, আমাদের দায়িত্ব” শীর্ষক এক সামাজিক-রাজনৈতিক ভাবনায় তিনি বলেন, একটি ইউনিয়ন কেবল ৯টি ওয়ার্ড বা নির্বাচনী কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়। ইউনিয়ন মানে মানুষের উঠান, মসজিদের মাইক, স্কুলের মাঠ ও হাটের চায়ের দোকান যেখানে সমাজ ও রাজনীতির ভিত্তি গড়ে ওঠে।

তিনি ইউনিয়নের তিনটি গুরুত্বপূর্ণ বাস্তব চিত্র তুলে ধরেন। প্রথমত, রাস্তা ও ড্রেনের উন্নয়নকে তিনি মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, একটি রাস্তা শুধু ইট-বালুর কাজ নয়; এটি একজন রোগীর হাসপাতালে পৌঁছানো এবং কৃষকের ফসল বাজারে নেওয়ার পথ। উন্নয়ন যেন দলীয় পরিচয়ের বাইরে গিয়ে মানুষের কল্যাণে কাজ করে, সে আহ্বান জানান তিনি।

দ্বিতীয়ত, গ্রামীণ সালিশ ব্যবস্থায় পক্ষপাতিত্বের সমালোচনা করে তিনি বলেন, ন্যায়বিচার না থাকলে মানুষ ইউনিয়ন পরিষদের প্রতি আস্থা হারায়। বিচার ব্যবস্থায় ব্যক্তি পরিচয়ের পরিবর্তে প্রমাণ ও সত্যকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।

তৃতীয়ত, তরুণদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে দূরে রাখাকে ইউনিয়নের জন্য বড় ক্ষতি বলে মন্তব্য করেন মাছুম মৃধা। তিনি বলেন, ইউনিয়নের অধিকাংশ মানুষ তরুণ হলেও বাজেট, উন্নয়ন পরিকল্পনা বা সামাজিক উদ্যোগে তাদের অংশগ্রহণ কম। অথচ তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে সমস্যার কথা তুলে ধরে এবং সমাধানের পথ দেখায়।

সমাধানের পথ হিসেবে তিনি ওয়ার্ড সভায় জনগণের অংশগ্রহণ বাড়ানো, ব্যক্তি ও নেতৃত্ব নির্বাচনে সততা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া এবং নিজ নিজ বাড়ি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, “রাজনীতি মানে গালি নয়, রাজনীতি মানে নীতি। সমাজ মানে আমি একা নই, আমরা সবাই।”

সবশেষে তিনি নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, মো. মাছুম মৃধা মরহুম আব্দুল আলী মৃধা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রায়পুরা উপজেলা শাখার সাবেক সদস্য।

এছাড়া সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, সামাজিক সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ, রাজনৈতিক দক্ষ নেতৃত্বে সবার মাঝে রাজনৈতিক সুসম্পর্ক তৈরি করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবার মান তুলে ধরতে স্থানীয় সরকার নির্বাচনে আমিরগঞ্জ ইউনিয়নে জনগণের সেবা দিতে উপজেলা বিএনপির নেতা মো. মাছুম মৃধা সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।