ওমর ফারুক
বার্তা সম্পাদক

ঢাকা বিভাগের মধ্যে “সেরা জেলা হাসপাতাল স্ক্রিনিং পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৬” অর্জন করেছে নরসিংদী জেলা হাসপাতাল। এ অর্জনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় নরসিংদীর অগ্রযাত্রা আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

“ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি” সফলভাবে বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় হাসপাতালটিকে এ সম্মাননা প্রদান করা হয়।

কর্মসূচিটি পরিচালনা করছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে নরসিংদী জেলা হাসপাতালের পক্ষে পুরস্কার গ্রহণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান। তাঁর নেতৃত্বে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা, নারী স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ক্যান্সার প্রতিরোধমূলক কার্যক্রমে হাসপাতালটির সাফল্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নিয়মিত স্ক্রিনিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও ইতিবাচক সাড়া তৈরি করতে সক্ষম হয়েছে নরসিংদী জেলা হাসপাতাল।

এ অর্জনে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেছেন স্থানীয়রা। পাশাপাশি ভবিষ্যতেও আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।