
ওমর ফারুক
নরসিংদীর মনোহরদী উপজেলা শাখায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে বিশিষ্ট সমাজসেবক ও গণমাধ্যমকর্মী মো. আল আমিন ভূঁইয়াকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদনের মাধ্যমে আগামী মেয়াদের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৃণমূল পর্যায়ে মানবাধিকার রক্ষা, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. আল আমিন ভূঁইয়া এক প্রতিক্রিয়ায় বলেন, “মানবাধিকার প্রতিষ্ঠা, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই হবে আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভেদাভেদ ভুলে উপজেলার সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকতাকে অপশক্তির প্রভাবমুক্ত রেখে সাধারণ মানুষের অধিকার ও কণ্ঠস্বর তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আল আমিন ভূঁইয়ার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে মনোহরদীতে মানবাধিকার কর্মীদের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সংবাদকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার সুরক্ষায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মনোহরদী উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ স্থানীয় সাংবাদিক মহল থেকে মো. আল আমিন ভূঁইয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

