
ওমর ফারুক
ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে কর্মসূচির উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। পরে তিনি একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালির নেতৃত্ব দেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, “আমরা সবাই মিলে পরিচ্ছন্ন নরসিংদী গড়ে তুলবো। সরকার বা পৌরসভার একার পক্ষে সবকিছু পরিষ্কার রাখা সম্ভব নয়। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্ন রাখতে হবে।”
তিনি আরও বলেন, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, পানির ট্যাংকসহ যেসব পাত্রে পানি জমে থাকে সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে, যাতে এডিস মশার প্রজনন বন্ধ করা যায়।
শিক্ষকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, স্কাউট ও শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে।
“আতঙ্ক নয়, সচেতনতা ডেঙ্গু প্রতিরোধেই সুস্থতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সিভিল সার্জন ডা. বুলবুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাসেদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

