
আবদুর রহমান
রাষ্ট্রীয় আড়ম্বর ও সম্মানের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে দেশটিতে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সোমবার সকালে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান পেরদানা পুত্রা ভবনে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়।
পরে প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।লাল গালিচা বিছানো প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আনুষ্ঠানিকতায় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটে। অনুষ্ঠানের একপর্যায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচয় করিয়ে দেন। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাঁর সফরসঙ্গীদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।
উল্লেখ্য, গত শনিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুর পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

