আবদুর রহমান
সম্পাদক

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের বিভিন্ন সীমান্তে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অবৈধ ভারতীয় পণ্য, একটি বিদেশি পিস্তল, গুলি ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে টাস্কফোর্সের অভিযানে মাদকসেবীদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কুষ্টিয়ায় জেলা টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর রুদ্রপুর বিওপির অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৬০ বোতল উইনিক্স সিরাপ জব্দ করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) পীরগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় মদ উদ্ধার করে।

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে ৩৩ বিজিবির অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর রাজেশপুর বিওপি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি ৭.৬২ মিলিমিটার পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন (১০০ প্যাকেট) বিদেশি প্যাট্রন সিগারেট উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সীমান্তে ৬ বিজিবির পৃথক অভিযানে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অভিযানে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, স্কার্ফ ও জুতা জব্দ করা হয়েছে। একই ব্যাটালিয়নের আরেক অভিযানে হবিগঞ্জ সীমান্ত থেকে ৬০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। চলতি মাসে এ ব্যাটালিয়নের জব্দকৃত গাঁজার পরিমাণ দাঁড়িয়েছে ১৩২ কেজি।

এদিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পৃথক অভিযানে ২৪ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে। অন্যদিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ১৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্তকে নিরাপদ রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।