আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ও শহরের পশ্চিম মেড্ডা এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাওয়া নিয়ে স্থানীয়জ পর্যায়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। অভিযোগকারীদের দাবি, তিনি প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধে অংশ নেননি; বরং সাভেক মুক্তিযোদ্ধা কমান্ডার এক চাচাতো ভাইয়ের সুপারিশ ও স্বজন প্রীতির মাধ্যমে স্বাধীনতার ৫০ বছর পর ২০২১ সালে ‘লাল মুক্তিবার্তা’য় নিজের নাম অন্তর্ভুক্ত করিয়েছেন।

মজলিশপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ধন মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী জানান, মোজাম্মেল হক তাদের সঙ্গে কখনোই মুক্তিযুদ্ধে অংশ নেননি। শহরের পশ্চিম মেড্ডা এলাকার প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা হারাধন বিশ্বাসও নিশ্চিত করেন যে, মোজাম্মেল হক কখনো যুদ্ধে যাননি কিংবা কোনো ধরনের সামরিক বা ইভকোনো প্রশিক্ষণ গ্রহণ করেননি।

​এমনকি এসব তথ্যের সত্যতা যাচাইয়ে ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত আবেদন করা হলেও তার মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো নথি পাওয়া যায়নি। এছাড়াও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) চাকরি করার সময় তার সার্ভিস রেকর্ডেও ‘মুক্তিযোদ্ধা’ পরিচয়ের কোনো উল্লেখ ছিল না বলে জানা যায়।

​এসব বিষয়ে মোজাম্মেল হকের বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি নিয়ে খোদ তার পরিবারের ভেতরেও বিতর্ক রয়েছে। তার যুক্তরাষ্ট্র প্রবাসী বোন মেসেঞ্জার বার্তায় ২০২১ সালে আত্মীয়ের সুপারিশে নাম ওঠানোর কথা স্বীকার করেন। অন্যদিকে, তার অস্ট্রেলিয়া প্রবাসী আপন ভাতিজি তাকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​জানা যায়, ২০১২ সালের পূর্বে কিংবা ঢাকার বাসভবনে তিনি কখনো নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতেন না। স্বাধীনতার ৫০ বছর পর ২০২১ সালে লাল মুক্তিবার্তায় নাম অন্তর্ভুক্ত হওয়ার পরই তিনি প্রথম বারের মতো বাড়ির নামফলকে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দজোড়া যুক্ত করেন।

​জাতির সর্বোচ্চ বীরত্বপূর্ণ এই মর্যাদার সঠিক সত্য উদঘাটনে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারি তদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।এবিষয়ে মোজাম্মেল হকের নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।