আবদুর রহমান
সম্পাদক

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলা, মানবাধিকারভিত্তিক পুলিশিং, প্রশিক্ষণ কার্যক্রম এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে আইসিআরসির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান নিকোলাস ফ্লুরি।

বৈঠকে আইসিআরসি প্রধান বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বসবাসরত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশ পুলিশের কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে।

তিনি আরও জানান, জনআস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়নে আইসিআরসি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। মানবাধিকার, আন্তর্জাতিক মানবিক আইন, ফার্স্ট এইড, সংকটকালীন মানবিক সেবা এবং দুর্যোগকালীন সাড়াদান বিষয়ে সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকারভিত্তিক পেশাদার পুলিশিং এবং প্রশিক্ষণ কার্যক্রমে আইসিআরসির ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, জলবায়ুজনিত দুর্যোগ ও অন্যান্য জাতীয় জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা বাড়াতে আইসিআরসির কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা আরও সম্প্রসারণ প্রয়োজন।

বৈঠকে উভয় পক্ষ মানবিক মূল্যবোধ, আইনের শাসন, নাগরিকবান্ধব পুলিশিং এবং দুর্যোগ ও সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে আগ্রহ প্রকাশ করে।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক মানবিক সংস্থা আইসিআরসি দীর্ঘদিন ধরে বাংলাদেশে মানবাধিকার, আন্তর্জাতিক মানবিক আইন, কারা ব্যবস্থাপনা, পুলিশ প্রশিক্ষণ, রোহিঙ্গা মানবিক সহায়তা এবং দুর্যোগ প্রস্তুতিমূলক কার্যক্রমে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করে আসছে।