নিউজ ডেস্ক

মাধবদীর চৌদ্দপাইকায় একটি তিনতলা ভবনের একটি কক্ষে আটকা পড়া দুই বছরের এক শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে মাধবদী বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা ৩৫ মিনিটে খবর পেয়ে মাধবদী বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হানের নেতৃত্বে একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

সকাল ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস সূত্র জানায়, চৌদ্দপাইকা এলাকায় একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে দুই বছরের শিশু মো. সাফোয়ান আটকা পড়ে।

দুর্গম পথ হওয়ায় উদ্ধারকারী দলকে প্রধান সড়ক থেকে প্রায় এক কিলোমিটার কাদামাখা জমির আইল দিয়ে পায়ে হেঁটে ঘটনাস্থলে যেতে হয়।পরে দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করে সকাল ১০টা ৫৭ মিনিটে শিশুটিকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার শেষে তাকে তার বাবা মো. রাকিবুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।এ ঘটনায় কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি। উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল ১১টা ২০ মিনিটে স্টেশনে ফিরে যান।

ফায়ার সার্ভিসের এ দ্রুত ও সাহসী অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং উপস্থিত লোকজন উদ্ধারকারী দলের প্রশংসা করেন।