মোঃ শাহ আলম
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয়েছেন হবিগঞ্জের মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব তারেক মাহমুদ।

জানা গেছে, মাধবপুর থানা এলাকায় অপরাধ দমন, অপরাধী শনাক্তকরণ, মাদক মামলার আসামি গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

এ পুরস্কার প্রাপ্তিতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন মহল এএসআই দেলোয়ার হোসেনকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাবেন।