
ওমর ফারুক
নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর বিসিক শিল্পনগরীতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সার্ভিলেন্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, নরসিংদী।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে সাবান, বৈদ্যুতিক ট্রান্সফরমার, ফ্লাওয়ার মিল ও টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। অভিযানে পণ্যের গুণগতমান নিশ্চিতকরণ এবং বাধ্যতামূলক পণ্যের ক্ষেত্রে বিএসটিআই লাইসেন্স গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
অভিযানকালে কারারচর বিসিকের সরকার কেমিক্যাল পরিদর্শন করে প্রতিষ্ঠানটির সাবান উৎপাদনকারী কারখানা বন্ধ অবস্থায় পাওয়া যায়।
একই এলাকায় অবস্থিত আর এস পাওয়ার ইলেকট্রিক লিমিটেড পরিদর্শনকালে প্রতিষ্ঠানটিতে উৎপাদিত বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য ‘ট্রান্সফরমার’-এর জন্য বিএসটিআই লাইসেন্স গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া মেরাজ ফ্লাওয়ার মিলস পরিদর্শন করে উৎপাদিত পণ্যের জন্য বিএসটিআই লাইসেন্স নেওয়ার বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে, এস কে টেক্সটাইল পরিদর্শনকালে প্রতিষ্ঠানে ডাইং কার্যক্রম পরিচালনার কোনো উপাদান পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ফিল্ড অফিসার (সিএম) মো. পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে অংশ নেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে মানসম্মত ও সঠিক পরিমাণের পণ্য নিশ্চিত করা এবং বাধ্যতামূলক পণ্যের ক্ষেত্রে নির্ধারিত মান ও লাইসেন্সের বিধান যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের সার্ভিলেন্স অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

