আবদুর রহমান
সম্পাদক

গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি, দখলবাজি ও বিরোধীদলের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে আজ শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে গণসমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঢাকা মহানগর দক্ষিণ।

সমাবেশটি বিকেল ৩টায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার।

এ ছাড়া সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, সমাবেশের মাধ্যমে দেশের চলমান পরিস্থিতিতে জনগণের বিভিন্ন দাবি তুলে ধরা হবে এবং গণভোটের রায় বাস্তবায়নসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত ও রাজনৈতিক দমন-পীড়ন বন্ধের দাবি জানানো হবে।