
আবদুর রহমান
রাজধানী ঢাকাসহ সারাদেশে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব অপরাধীকে গ্রেপ্তারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি শান্তিনগরের পপুলার হাসপাতালের সামনে হামলায় আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকা মেট্রোপলিটনসহ দেশের অন্যান্য মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে আইনের আওতায় নিতে হবে। এ কাজে যারা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ আগস্ট রাতে শান্তিনগরে নিজের চেম্বার থেকে বের হওয়ার পর সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের হামলায় তিনি গুরুতর আহত হন। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ৪৮ ঘণ্টার মধ্যে ওই চক্রের সাত সদস্যের মধ্যে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের একজনকে ঘটনাস্থল থেকে, একজনকে লক্ষ্মীপুর, একজনকে যাত্রাবাড়ীর দনিয়া এবং অপরজনকে সাঁতারকুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করায় পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য তুলে ধরে তিনি বলেন, চক্রটির মূল হোতা বিদেশে অবস্থানকালে হুন্ডি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরে একটি অপরাধী চক্র গড়ে তোলে। বড় হাসপাতাল, খ্যাতিমান চিকিৎসক, প্রকৌশলী ও ধনাঢ্য পেশাজীবীদের টার্গেট করে ভয়ভীতি প্রদর্শন, বার্তা পাঠানো এবং পরবর্তী সময়ে হামলা চালিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করত চক্রটি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজির মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। চাঁদাবাজি নির্মূল না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, শুধু চাঁদাবাজ ও অপরাধীদের তালিকা নয়, তাদের সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত বা সহযোগী হিসেবে কাজ করছে কি না, সেই তালিকাও তৈরি করা হচ্ছে। অপরাধী কিংবা তাদের মদদদাতা যতই প্রভাবশালী হোক, কাউকেই আইনের ঊর্ধ্বে রাখা হবে না।
চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীদের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে ৫০০টি হাসপাতালে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। কোনো চিকিৎসক নিজস্ব চেম্বার বা ক্লিনিকে নিরাপত্তাঝুঁকি অনুভব করলে পুলিশকে অবহিত করার পরামর্শ দেন তিনি।
এ সময় ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যমান আইন ও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে দেশের যেকোনো নাগরিক শর্টগান বা পিস্তলের লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। নিরাপত্তার প্রয়োজন বিবেচনায় কোনো চিকিৎসক আবেদন করলে তা সরকারের প্রচলিত বিধি অনুযায়ী বিবেচনা করা হবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) মোঃ শফিকুল ইসলাম এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে একই চাঁদাবাজ চক্রের হুমকির শিকার চিকিৎসক ডা. এ কে এম আমিনুল হককে দেখতে যান।

