
আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী মারকাজুল মাদানী তাওফিজুল কোরআন মাদ্রাসা থেকে গোপনে বের হয়ে যাওয়া দুই শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো-বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের শাহিন সরকারের ছেলে আরিয়ান সরকার (১৫) এবং নবীনগর উপজেলার খারঘর (বরাই) গ্রামের সাইফুল ইসলামের ছেলে ইনসাফুল ইসলাম (৯)।
পুলিশ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার পর মাদ্রাসা থেকে গোপনে বের হয়ে যায় ওই দুই শিক্ষার্থী। মাদ্রাসার শিক্ষক ও মা-বাবার ওপর রাগ-অভিমান করে তারা চলে যায় বলে জানা গেছে।
পরে বিষয়টি জানতে পেরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে ফাঁড়ির পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাদের সন্ধানে অনুসন্ধান শুরু করেন।
দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে তাদের যথাযথ অভিভাবক মা-বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শিক্ষার্থীদের উদ্ধারে ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন ও ফাঁড়ির পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজনও সহযোগিতা করেন।

