মোঃ মোবারক হোসেন
নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর মনোহরদীতে মাদকের বিস্তার ঠেকাতে পুলিশের অভিযান ও প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকসেবী, বিক্রেতা ও কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। গত তিন মাসে এসব অভিযানে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ। একই সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২টি মামলায় ২২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে চলতি বছরের জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাসে মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২২টি মামলা করা হয়। এসব মামলায় ২২ জন অপরাধীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

এর মধ্যে জুন মাসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯টি মামলায় ৯ জনকে সাজা দেওয়া হয়। জুলাই মাসে ৯টি মামলায় ৯ জন এবং আগস্ট মাসে ৪টি মামলায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এদিকে মাদক বিক্রি, সেবন ও সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে একই সময়ে মনোহরদী থানা পুলিশের অভিযানে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে থানায় নিয়মিত ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও প্রশাসনের এমন ধারাবাহিক তৎপরতায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে মাদকের বিরুদ্ধে কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, শুধু অভিযান ও গ্রেপ্তার নয়, মাদকের সরবরাহ বন্ধের পাশাপাশি তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মাদকাসক্তদের পুনর্বাসনের উদ্যোগও জরুরি।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। যেখানে মাদক কারবারি কিংবা মাদকসেবীর সন্ধান পাওয়া যাবে, সেখানেই পুলিশ কঠোর অবস্থান নেবে। মাদক নির্মূলে পুলিশের অভিযান ও আইনগত ব্যবস্থা নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি।

পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযানকে আরও কার্যকর করতে নিয়মিত অভিযান, গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।