
ওমর ফারুক
কিশোরগঞ্জের ভৈরবে অনুমোদনবিহীনভাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়া মশার কয়েল উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভৈরব উপজেলার তাঁতারকান্দি, লক্ষ্মীপুর এলাকায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
অভিযানে আলাদিন কেমিক্যাল ওয়ার্কস অ্যান্ড মার্কেটিং, গ্রী স্টার কেমিক্যাল কোম্পানি এবং রাফি কেমিক্যাল প্রোডাক্টস নামের তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী আলাদিন কেমিক্যাল ওয়ার্কস অ্যান্ড মার্কেটিং এবং গ্রী স্টার কেমিক্যাল কোম্পানিকে ২ লাখ টাকা করে এবং রাফি কেমিক্যাল প্রোডাক্টসকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।
অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. শফিকুল আলম, সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় এবং সহকারী পরিচালক (মেট্রোলজি) কামরুল পলাশ।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন ও পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে মানহীন ও অনুমোদনবিহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

