মোঃ আব্দুল খালেক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলায় চলমান সার সংকট ও কৃষকদের ভোগান্তি নিরসনে সার ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করলেন বিভাগীয় কমিশনার রংপুর শহিদুল ইসলাম

সভায় কৃষকদের কাছে নিয়ম অনুযায়ী সার পৌঁছে দেওয়া, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সার বিতরণ এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে ডিলারদের নির্দেশনা দেওয়া হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ কনফারেন্স রুমে রৌমারী ও রাজিবপুর উপজেলার সার ডিলার ও সংশ্লিষ্টদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। জেলা প্রশাসক ও কুড়িগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, রৌমারী ও রাজিবপুর উপজেলার সার ডিলার এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

রৌমারী ও চর রাজিব পুর সার ডিলার মতবিনিময় সভায় চলতি আমন মৌসুমে দুই উপজেলায় সার সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মত সার সরবরাহ, ডিলারদের মাধ্যমে সুষমভাবে সার বিতরণ এবং বাজারে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কি না—এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় কৃষকদের সার পেতে ভোগান্তি, দীর্ঘ সময় অপেক্ষা, সরবরাহ ব্যবস্থার বিভিন্ন জটিলতা এবং ডিলারদের সার বিতরণ সংক্রান্ত নানা বিষয় উঠে আসে। এসব সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি কৃষকেরা যাতে নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সার বিতরণে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডিলারদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন এবং প্রকৃত কৃষকদের মধ্যে নিয়ম অনুযায়ী সার বিতরণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। মতবিনিময় সভা শেষ উপজেলা চত্বরে বিভিন্ন ধরনের গাছ রোপন করেন।